শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও কর্মমুখী শিক্ষায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষার ধরনে আমূল পরিবর্তন প্রয়োজন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক মান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখনো বিশ্বের শীর্ষ র্যাংকিংয়ে কাঙ্ক্ষিত জায়গা করে নিতে পারেনি। গবেষণা প্রকাশনা ও একাডেমিক উৎকর্ষতায় পিছিয়ে থাকলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে।" তিনি গবেষণা কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর অ্যালামনাই হলো তার মেরুদণ্ড।
শিক্ষিত তরুণদের দক্ষতার ঘাটতি দূর করতে সরকার কর্মমুখী শিক্ষা, ইন্টার্নশিপ ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।
ডিবিসি/পিআরএএন