বাংলাদেশ

শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে রুশ নৌবাহিনীর দুটি আধুনিক যুদ্ধজাহাজ 'রেজকি' এবং 'সোভারচেনি'। মঙ্গলবার সকালে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সেগুলোকে উষ্ণ ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ সেগুলোকে স্বাগত জানিয়ে বন্দরে নিয়ে আসে। জেটিতে জাহাজগুলো ভেড়ার পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি অ্যাটাশে এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সফরসূচি অনুযায়ী, রাশিয়ার প্রতিনিধি দলটি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের অন্যতম বিশেষ দিক হিসেবে রুশ নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত শহীদ রুশ নাবিক ইউভি রেডকিনের সমাধি ‘রেডকিন পয়েন্ট’-এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও তাঁরা চট্টগ্রামের ঐতিহাসিক স্থান ও নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করবেন। অন্যদিকে, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের জন্যও রুশ জাহাজ পরিদর্শনের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

 

নৌবাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পথ প্রশস্ত হবে। চার দিনের এই সফর শেষে আগামী ২৭ মার্চ জাহাজ দুটি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। এই সফরের মধ্য দিয়ে ঢাকা ও মস্কোর বিদ্যমান দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন