বাংলাদেশ, জাতীয়

শুভ জন্মদিন সাকিব আল হাসান

সামান্তা সাইদ খান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে মার্চ ২০২২ ০৬:১৪:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৩৪ বছরে পদার্পণ করলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। বাবা মাশরুর রেজা ছিলেন কৃষি ব্যাংক কর্মকর্তা, মা গৃহিনী।

মাত্র ১৫ বছর বয়সে সুযোগ পান অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার। এছাড়া জাতীয় লিগে খেলার জন্য তালিকাভুক্ত হন খুলনা বিভাগীয় দলে।

২০০৫ সালে অনূর্ধ্ব​-১৯ ত্রি-দেশীয় টুর্নামেন্টের ফাইনালে ৮৬ বলে সেঞ্চুরি করে ও ৩টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন সাকিব। ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে সাকিব প্রথমবারের মত বাংলাদেশ জাতীয় দলে খেলার সুযোগ পান। ওয়ানডে অভিষেকের পরের বছরই ভারতের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় সাকিবের। ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেন তিনি।
২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন তিনি। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হন তিনি। যা ক্রিকেট বিশ্বে একমাত্র ঘটনা।

ওয়ানডেতে ২০৬ ম্যাচে ৩৭.৮৬ গড়ে করেছেন ৬৩২৩ রান। রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৭টি হাফসেঞ্চুরি। এক ম্যাচে সর্বোচ্চ স্কোর ১৩৪ (অপরাজিত)। আর ২০৩ ইনিংসে বল করে ৩০.২১ গড় ও ৪.৪৮ ইকোনোমিতে নিয়েছেন ২৬০ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দু’বার। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।
বিশ্বে তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান এবং ৫০০ উইকেট অর্জন করেছেন সাকিব।

দেশের হয়ে রেকর্ডবুকের কোন পাতায় নেই সাকিব তা খুঁজে পাওয়াই যেন দুষ্কর। বেস্ট বোলিং ফিগার, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট-সব বিভাগেই প্রথম তিন জনের একজন সাকিব। সারা বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগ খেলা একমাত্র বাংলাদেশি। তবে সাকিব আলাদা ভাবে আলোচনায় ক্যারিয়ার জুড়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে। নিষিদ্ধ হয়েছেন। তবে সমালোচকদের মুখে কুলুপ এঁটেছেন মাঠের পারফরম্যান্স দিয়ে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিশিরের সঙ্গে। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাজানো সংসার তাদের। চাঁদের কলঙ্ক বাদ দিলে সবকিছু ধবধবে সাদা। বিতর্ক ছাড়া সাকিবও এমনটাই। বাংলাদেশের অনেক কিছুর প্রথম তার হাত ধরে। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের এক বড় প্রাপ্তি সাকিব। হয়তো বাইশ গজে খুব বেশি বছর আর দেখা যাবে না সাকিবকে। তবে ইতিমধ্যেই তিনি যা করে দিয়ে গিয়েছেন সেজন্যই ক্রিকেট বিশ্ব তাঁকে স্মরণে রাখবে সব সময়।  বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডারের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন সাকিব।

আরও পড়ুন