দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা জাগাতে শুরু হচ্ছে 'অদম্য বাংলাদেশ' টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
দেশের শীর্ষ সারির ক্রিকেটারদের নিয়ে গঠিত তিনটি দলের এই জমজমাট লড়াইয়ের পৃষ্ঠপোষকতা করছে প্রসাধন ও হোম কেয়ার পণ্যের জায়ান্ট প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
রিমার্কের অধীনে থাকা জনপ্রিয় ব্র্যান্ড লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট ও সিওডিল-এর মতো ব্র্যান্ডগুলো এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকছে। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই দেশের তারুণ্য ও ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। সেই ধারাবাহিকতায় এবার তারা এই বিশেষ টুর্নামেন্টের সঙ্গী হয়েছে।
৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিচ্ছে তিনটি দল- ধূমকেতু একাদশ: নেতৃত্বে থাকছেন লিটন দাস, দুর্বার একাদশ: নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশ: নেতৃত্বে থাকছেন আকবর আলী।
লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে ১ কোটি টাকা প্রাইজমানি। আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্ট থেকে একজন ক্রিকেটারের নূন্যতম আয় হতে পারে প্রায় ৭ লাখ টাকা।
সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে সন্ধ্যা ৬টায় শুরু হবে। ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ বনাম দুরন্ত একাদশ, ৬ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ বনাম দুর্বার একাদশ, ৭ ফেব্রুয়ারি দুর্বার একাদশ বনাম দুরন্ত একাদশ এবং ৯ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। শেরেবাংলা স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে বসে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম অথবা পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে।
আয়োজকদের বিশ্বাস, রিমার্কের মতো বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা এবং তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
ডিবিসি/এসএফএল