ইংরেজি ক্যালেন্ডারের পাতা উল্টে ফেব্রুয়ারির আগমন মানেই বাঙালির হৃদয়ে গৌরবের স্পন্দন। এই মাস কেবল ক্যালেন্ডারের একটি অংশ নয়, বরং বাঙালির অর্জনের এক দলিলায়িত ইতিহাস। অধিকার আদায়ের প্রথম সোপান হিসেবে এই মাসেই বাঙালি অর্জন করেছিল তার মায়ের ভাষা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ আর মিছিলে ঝরে পড়া তাজা রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের এই অলংকার, আমাদের অহংকার।
১৯৫২ সালের সেই রক্তিম অধ্যায় থেকে ২০২৬ সাল মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ ৭৪ বছর। ৫২ থেকে ২৬-এর এই দীর্ঘ পথচলায় রক্তমাখা ইতিহাস আর মহান আত্মত্যাগ গোটা বাঙালি জাতিকে করেছে মহিমান্বিত। বায়ান্নর সেই চেতনার পথ ধরেই একাত্তরের স্বাধীনতা, আর আজ সেই গৌরব ৫৬ হাজার বর্গমাইলের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। বাংলা ভাষা এখন আর শুধু বাঙালির নয়; এ ভাষা এখন বিশ্বের প্রতিটি প্রান্তের।
সমসাময়িক প্রেক্ষাপটে ভাষার বহমান যাত্রা নিয়ে হয়তো অনেক প্রশ্ন ওঠে, নানা আলোচনা হয়। কিন্তু দিনশেষে উত্তর একটাই এসবই আমার ভাষা, আমার বাংলা ভাষা। মহাকালের স্রোতে সময় অতিবাহিত হয়, কিন্তু ভাষার গৌরবের ব্যাপ্তি ও প্রসার ক্রমান্বয়ে বাড়তেই থাকে। এ যেন হাজার বছর ধরে চলা এক অবিরাম গৌরবের ‘রিলে রেস’। যেখানে প্রজন্মের পর প্রজন্ম হাত বদল করে গৌরবের মশাল বহন করে চলে, আর চূড়ান্ত ধাপে বিজয়ী হয় দেশ, দেশের মানুষ এবং আমাদের প্রাণের বাংলা ভাষা।
ডিবিসি/পিআরএএন