সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ ভারতীয় কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। প্রতিষ্ঠিত কার্যপ্রণালি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সোয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
অন্যদিকে ভারত সফর এবং আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ডিবিসি/এমএনকে