বাংলাদেশ, রাজধানী

শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় সিআইডির বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে অক্টোবর ২০২৫ ০৪:২৭:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয় বাংলা ব্রিগেড’ নামক অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কিত একটি রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আদালতের আদেশের ভিত্তিতে শুক্রবার (৩১শে অক্টোবর) দেশের বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।

 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নং আদালতের বিচারক আরিফুল ইসলাম মামলার প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করেন এবং তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতেই সিআইডি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

জসীম উদ্দিন খান মামলার পটভূমি সম্পর্কে বলেন, সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সিআইডি এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয়। সেই অনুযায়ী, সিআইডি বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করে।

 

তদন্তের বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘জয় বাংলা ব্রিগেড’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ ও বিদেশে বসে একটি বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল বলে তদন্তে উঠে আসে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।

 

তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছিল। এই ২৮৬ জনের মধ্যে ২৬১ জন বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে এই বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন