শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহাসিক কাটাখালী যুদ্ধ দিবস আজ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে (৬ জুলাই) পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এক দুঃসাহসিক সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন শেরপুরের বীর যোদ্ধারা।
রক্তক্ষয়ী সেই লড়াইয়ে শহিদ হন একই পরিবারের মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল আহসান, মোফাজ্জল হোসেন ও আলী হোসেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ নাজমুল আহসানের নামে ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে একটি হল ও নালিতাবাড়ীতে একটি কলেজ প্রতিষ্ঠা হয়েছে। কাটাখালী যুদ্ধবিধ্বস্ত ব্রিজের পাশে শহীদ নাজমুল পার্ক প্রতিষ্ঠা করেছে স্থানীয় প্রশাসন।
২০১৮ সালে শহীদ নাজমুলকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। এর মধ্য দিয়ে ‘অপারেশন কাটাখালি’ ও রাঙ্গামাটিয়া যুদ্ধের সরকারি স্বীকৃতি মেলে।
ডিবিসি/এসএস