শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পোলাদেশী গ্রামের আব্দুল সামাদের ছেলে ছামিদুল সেচের বিদ্যুতের তার মেরামত করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে একই গ্রামের মিরা’র ছেলে মো. মিন্টু ও উবেদ আলীর ছেলে আঙ্গুর এগিয়ে আসেন। কিন্তু উদ্ধার করতে গিয়ে অসতর্কতাবশত তারাও বিদ্যুতের সংস্পর্শে আসেন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু ও আঙ্গুরকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ছামিদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল