টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি ব্রিজ সম্পূর্ণ ভেসে গেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে। তবে এ সময় ব্রিজের ওপর থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।
নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর ব্রিজটি ভেঙে ভেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই ব্রিজটি পানিতে বিলীন হয়ে যায়। সেসময় ব্রিজে অবস্থানরতরা দ্রুত সাঁতরে নিজেদের প্রাণ রক্ষা করেন।
এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর পানি উপচে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে প্রবেশ করেছে। এতে দোকানপাট ও রাস্তাঘাট তলিয়ে গিয়ে ওই এলাকার জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃষ্টি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলগুলোতেও পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ধলী বিল এলাকার বহু মানুষের বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়ায় ওইসব এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হঠাৎ করে আসা এই ঢলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ডিবিসি/এমএনকে