বাংলাদেশ, জেলার সংবাদ

শেরপুরে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শনিবার (১৩ জুন) সকাল থেকে জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি ও সোমেশ্বরী এবং নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাহাড়ি ঢলের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যেই ঝিনাইগাতী সদর বাজারে পানি প্রবেশ করেছে এবং তা ক্রমান্বয়ে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদ-নদীর পানি এভাবে বাড়তে থাকায় জেলার নিম্নাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

 

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি সোমেশ্বরী ও মহারশি নদীর পানিও বিপৎসীমার ওপরে অবস্থান করছে। অন্যদিকে, ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে বিপৎসীমার ৩২০ সেন্টিমিটার এবং নালিতাবাড়ী পয়েন্টে ২৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এসব নদীতে ক্রমাগত পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, এই সময়ে নাকুগাঁও পয়েন্টে সর্বোচ্চ ১৮০ মিলিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৩৫ মিলিমিটার এবং শেরপুর পয়েন্টে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন