শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় মুড়িভর্তি একটি পিকআপে বিশেষ কায়দায় লুকিয়ে পাচার করার সময় ৫৮৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে কুসুমহাটি বাজারের পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের মো. রোমান মিয়া (২২) এবং জামালপুরের মো. শান্ত ইসলাম (২৪)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তল্লাশির সময় সন্দেহভাজন পিকআপটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা মাদক বহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেখানো মতে গাড়ির পেছনে থাকা মুড়ির বস্তার নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৮৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি ছাড়াও দুটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে শেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার দুই মাদককারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/এমএনকে