বাংলাদেশ, জেলার সংবাদ

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 

গত বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিপুল জনসমাগমের কারণে জায়গা সংকুলান না হওয়ায় শ্রীবরদী-বকশীগঞ্জ আঞ্চলিক সড়কে জানাজায় অংশ নিতে আসা মানুষ ছড়িয়ে পড়েন। এ অবস্থায় পরে শ্রীবরদী সরকারি মিনি স্টেডিয়াম মাঠে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

 

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
   
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে নুরুজ্জামান বাদলকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ নেওয়ার পথে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। শেরপুর পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হজরত আলী, সদ্য সাবেক জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং শেরপুর সদর আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ ছাড়া, জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমানসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও জানাজায় উপস্থিত ছিলেন।

 

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর জেলায় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন