বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ঐতিহাসিক ম্যাচকে আরও স্মরণীয় করে রাখতে ফিফা শেষ মুহূর্তে একটি বিশেষ পরিবর্তন আনতে রাজি হয়েছে।
খবর অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের গাঢ় নীল রঙের ‘অ্যাওয়ে’ জার্সি পরে খেলার জন্য আবেদন করেছিল আর্জেন্টিনা এবং তাদের সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।
রোববার ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এডুল এক্সে (সাবেক টুইটার) স্প্যানিশ ভাষায় করা একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিশ্চিত: ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা।’
আর্জেন্টিনা সাধারণত তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা লম্বালম্বি দাগকাটা জার্সির জন্যই সবচেয়ে বেশি পরিচিত। তবে এই সলিড নীল রঙের জার্সির সাথে তাদের এক বিশেষ ইতিহাস জড়িয়ে আছে।
বিশ্বকাপের মঞ্চে এর আগে মোট পাঁচবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা, যার মধ্যে তারা জয় পেয়েছে মাত্র দুটিতে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই দুটি জয়ের সময়ই আর্জেন্টিনার খেলোয়াড়দের গায়ে ছিল এই গাঢ় নীল জার্সি।
এই দুই জয়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত ম্যাচটি হলো ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচেই প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা সেই ঐতিহাসিক জোড়া গোল করেছিলেন-যার একটি ছিল রেফারির চোখ এড়িয়ে করা বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ এবং অন্যটি পাঁচজন ইংলিশ ডিফেন্ডারকে বোকা বানিয়ে করা জাদুকরী ‘গোল অফ দ্য সেঞ্চুরি’।
ইংল্যান্ডের বিপক্ষে তাদের অপর জয়টি এসেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে, শ্বাসরুদ্ধকর এক পেনাল্টি শুটআউটে।
ম্যারাডোনার সেই মহাকাব্যিক লড়াইয়ের পুনরাবৃত্তি করার সুযোগ আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি পান কি না-সেই কথা মাথায় রেখেই ফিফা এই বিশেষ অনুমতি দিয়েছে বলে অনেকে ধারণা করছেন।
তবে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সব স্মৃতিই সুখকর নয়। ১৯৬২ সালের বিশ্বকাপে তাদের প্রথম দেখায় ইংল্যান্ড ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। পরের বছর (১৯৬৬) কোয়ার্টার ফাইনালেও ইংল্যান্ড তাদের ১-০ গোলে পরাজিত করে এবং সেই আসরেই তারা নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে।
পরবর্তীতে আর্জেন্টিনার ওই দুটি জয় হেড-টু-হেড পরিসংখ্যানে সমতা ফেরালেও, ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে ইংল্যান্ড আবারও লড়াইয়ে এগিয়ে যায়।
এখন দেখার বিষয়, বুধবারের সেমিফাইনালে নীল জার্সি গায়ে জড়িয়ে মেসিরা নতুন কোনো ইতিহাস রচনা করতে পারেন কি না।
সূত্র: ইয়াহু স্পোর্টস
ডিবিসি/এমএনকে