জাতীয়

শেষ হলো উৎসবের ভোটগ্রহণ, চলছে গণনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩২:০৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে শেষে হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ প্রতীক্ষা, প্রচারের তুঙ্গে থাকা পারদ আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো এ কার্যক্রম। সকাল থেকে বুথগুলোতে ছিল উৎসবের কোলাহল। ভোটগ্রহণ কার্যক্রম শেষের সাথে সাথেই তা গম্ভীর ও রুদ্ধশ্বাস উত্তেজনায় রূপ নিয়েছে। সিলগালা করা হয়েছে অগণিত মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটানো ব্যালট বাক্সগুলো। এখন কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা।

ভোট উপলক্ষে সাজ সাজ রব কেন্দ্রগুলোতে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে ভোটগ্রহণের আশপাশের এলাকাও। প্রার্থীদের এজেন্টদের সতর্ক দৃষ্টি আর সিসিটিভির নিরবচ্ছিন্ন নজরদারির মধ্যে বন্দি হয়ে আছে আগামীর ভাগ্য। আর কেন্দ্রগুলোর নির্দিষ্ট দূরত্বেই রয়েছে উৎসুক মানুষের ভিড়। সবার মধ্যেই উৎকণ্ঠা-দীর্ঘ ১৭ বছর পর দেওয়া নিস্কণ্টক ভোট শেষে কার হাতে যায় দেশ পরিচালনার ভার।

 

এদিকে গত প্রায় একমাস ধরে সারাদেশে পাড়া-মহল্লা কিংবা গ্রামগঞ্জের রাস্তাঘাট ও চায়ের আড্ডাজুড়ে ছিল নির্বাচনি আলোচনা-উত্তেজনা। কিন্তু এখন আর  সেসব কিছু নেই। ভোট দেওয়ার পর প্রায় সবখানেই চলছে হার-জিতের চুলচেরা বিশ্লেষণ। সাধারণ মানুষের অভিজ্ঞতার সাথে বুথ ফেরত সমীক্ষার রসায়ন মিলিয়ে চলছে আগামী দিনের রূপরেখা তৈরির কাজ।

 

নির্বাচন কমিশনের অন্দরে এখন দম ফেলার সময় নেই। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি জেলায়ও স্থাপন করা হয়েছে ফলাফল ঘোষণার মঞ্চ। প্রতিটি বুথ থেকে ফলাফল পাওয়ার পর পরই সেখান থেকে আনুষ্ঠানিক ভাবে সবার সামনে ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতিটি রাউন্ড শেষে যখন নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে, তখনই বোঝা যাবে জনগণ কার হাতে তুলে দিয়েছেন আগামীর শাসনভার।

 

রাজনৈতিক দলগুলোর দপ্তরে এখন চাপা উত্তেজনা, আর আমজনতার চোখে নতুন ভোরের অপেক্ষা সব মিলিয়ে এক অস্থির কিন্তু ইতিবাচক আবহে দেশ প্রহর গুনছে চূড়ান্ত ফলাফলের।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন