বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তুরস্ক তাদের শেষ গ্রুপ ম্যাচে বিশ্বমঞ্চে এক রোমাঞ্চকর জয় দিয়ে বিদায় নিয়েছে। প্রথম দুই ম্যাচে হেরে নকআউটের আশা শেষ হয়ে যাওয়ায় সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি তুর্কিদের জন্য ছিল কেবলই নিয়মরক্ষার। তবে বিদায়ের ম্যাচেও লড়াইয়ের তীব্রতা বিন্দুমাত্র কমায়নি তারা। শেষ মুহূর্তের নাটকীয় গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে জয়ের হাসিতে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করেছে ইউরোপের এই দলটি। অবশ্য এই পরাজয়ের পরও গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান ধরে রেখে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা যুক্তরাষ্ট্র আগামী ২ জুলাই শেষ ৩২-এর লড়াইয়ে বসনিয়ার মুখোমুখি হতে যাচ্ছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা যুক্তরাষ্ট্র খুব দ্রুতই সুফল পেয়ে যায়। খেলার মাত্র তৃতীয় মিনিটে সেবাস্টিয়ান বারহাল্টারের কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে বারদাকচির দুর্বল ক্লিয়ারেন্সের পর বল পেয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন অস্টন ট্রাস্টি। মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ডে করা এই গোলটি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। তবে শুরুর এই ধাক্কা সামলে ১০ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে সমতায় ফেরে তুরস্ক। আর্দা গুলার ও কেনান আইদিনের ওয়ান-টু পাসের পর বারিস আলপার ইয়িলমাজ বল বাড়িয়ে দিলে প্রথম ছোঁয়াতেই তা জালে পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা ফেরান রিয়াল মাদ্রিদের তরুণ তারকা গুলার।
সমতায় ফেরার পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তুরস্ক এবং ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার এক মিনিট পরই লিড নেয় তারা। আর্দা গুলারের নিখুঁত পাস থেকে বাম দিক দিয়ে উঠে আসা এরেন এলমালির কাটব্যাক ধরে ছয় গজ বক্সে থাকা অরকুন কোকচু সহজ ফিনিশে বল জালে পাঠালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। প্রথম দুই ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করা তুরস্ক প্রথমার্ধে মাত্র দুটি শট নিয়েই দুটি গোল আদায় করে নেয়। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার চেষ্টায় প্রথমার্ধের শেষ দিকে ওয়েস্টন ম্যাককেনির দূরপাল্লার শট এবং ট্রাস্টির হেড গোল করতে ব্যর্থ হলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক।
বিরতি থেকে ফিরেই ৪৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে সেবাস্টিয়ান বারহাল্টার গোল করলে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-২। এরপর দু’দলই জয়সূচক গোলের খোঁজে আক্রমণ চালাতে থাকে এবং ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ড্রয়ের সম্ভাবনাও বাড়তে থাকে। কিন্তু নির্ধারিত সময়ের শেষ দিকে ম্যাচটিতে নাটকীয় মোড় আসে, যখন যোগ করা সময়ের অষ্টম মিনিটে তুরস্কের কান আইহান গোল করে দলের ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন। এই জয়ে বিশ্বকাপে তুরস্কের ভাগ্য না বদলালেও এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলেও একটি স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তুর্কিরা।
ডিবিসি/এফএইচআর