শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উদযাপিত হয়েছে ‘জাতীয় চা দিবস ২০২৬’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন চা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের প্রতিষ্ঠানের চা প্রদর্শন করেন, যেখানে দর্শনার্থীরা সরাসরি অর্গ্যানিক চায়ের স্বাদ গ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। এছাড়া বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের একমাত্র শতভাগ অর্গ্যানিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কাজী অ্যান্ড কাজী টি’ দুটি ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার অর্জন করেছে। দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়ক এবং বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণ- এই দুই ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করা হয়। কাজী অ্যান্ড কাজী টি-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সৈয়দ শোয়েব আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) আশফাকুর রহমান।
দেশের চা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে তুলে ধরা এই প্রতিষ্ঠানটি প্রকৃতির প্রতি দায়বদ্ধতা, শ্রমিকদের প্রতি সম্মান এবং গ্রাহকের আস্থার প্রতি লক্ষ্য রেখে কাজ করে আসছে। বাংলাদেশের চা শিল্পের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কাজী অ্যান্ড কাজী টি অগ্রণী ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডিবিসি/আরএসএল