মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইফতারের আগ মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেট্রোল-ডিজেল বিক্রির একটি দোকানসহ পাশাপাশি তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার (৭ মার্চ) উপজেলার লছনা এলাকায় আকস্মিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লছনা এলাকার ‘মারুফ এন্টারপ্রাইজ’ নামক পেট্রোল ও ডিজেল বিক্রির ওই দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, অগ্নিকাণ্ডে মারুফ এন্টারপ্রাইজসহ পাশাপাশি তিনটি দোকান ভস্মীভূত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই দোকানে থাকা প্রায় ৪০০ থেকে ৫০০ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল আগুনে নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন