সাহিত্য, কবিতা

কবি আবুল হাসানের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা আগস্ট ২০২৩ ০৭:০২:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রকৃত নাম আবুল হোসেন মিয়া, আর সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি ষাটের দশকের জনপ্রিয় কবিদের একজন এবং সত্তরের দশকেও তিনি গীতল কবিতার জন্য উল্লেখযোগ্য জনপ্রিয়তা লাভ করেছিলেন।

কবি আবুল হাসানের জন্ম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার বর্নি গ্রামের মাতুলালয়ে ৪ আগস্ট ১৯৪৭ সালে আজকের এই দিনে। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তার পিতা আলতাফ হোসেন মিয়া ছিলেন একজন পুলিশ অফিসার।

আবুল হাসান ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক এবং বরিশালের বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ শ্রেণিতে ভর্তি হন, কিন্তু পরীক্ষা শেষ না করেই ১৯৬৯ সালে দৈনিক ইত্তেফাকের বার্তাবিভাগে যোগদান করেন। পরে তিনি গণবাংলা (১৯৭২-১৯৭৩) এবং দৈনিক জনপদ-এ (১৯৭৩-৭৪) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সুরাইয়া খানমের প্রেমে পড়েছিলেন হাসান। সে সময়ের ছোট্ট ঢাকায় বিষয়টি আলোচিত ছিল। আবুল হাসানের মৃত্যুর পর দেশত্যাগ করেন সুরাইয়া খানম। অমিত কাব্যশক্তির অধিকারী আবুল হাসানকে একাধারে প্রেম, দ্রোহ, নগর জীবন ও ভণ্ডামির মুখোশ উন্মোচনকারী কবি হিসেবেই শনাক্ত করা যায়। খুব সহজ, বোধগম্য তার কাব্যভাষা। অল্প আয়ুতেও কাব্য-আঙিনায় যার প্রভাব-ছায়া দীর্ঘ।

স্বভাবে বোহেমিয়ান এ সৃষ্টিমান বেঁচে ছিলেন মাত্র ২৮ বছর। মাত্র এক দশকের কাব্যসাধনায় তিনি আধুনিক বাংলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেন। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। ১৯৭০ সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় তিনি প্রথম হন।

তার উল্লেখযোগ্য কবিতা: তোমার চিবুক ছোঁব, কালিমা ছোঁব না, বয়ঃসন্ধি, উচ্চারণগুলি শোকের, পাখি হয়ে যায় প্রাণ, ভালোবাসার কবিতা লিখবো না, চামেলী হাতে নিম্নমানের মানুষ, জন্ম মৃত্যু জীবনযাপন, অসভ্য দর্শন, মিসট্রেসঃ ফ্রি স্কুল স্ট্রীট, নিঃসঙ্গতা, উদিত দুঃখের দেশ, বিচ্ছেদ, তোমার মৃত্যুর জন্য, জ্যোস্নায় তুমি কথা বলছো না কেন ইত্যাদি।

আবুল হাসানের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- কবিতা পুস্তক: ‘রাজা যায় রাজা আসে’ (১৯৭২), ‘যে তুমি হরণ করো’ (১৯৭৪), ‘পৃথক পালঙ্ক’ (১৯৭৫)। কাব্যনাট্য : ‘ওরা কয়েকজন’ (১৯৮৮)। সংকলন : ‘আবুল হাসান রচনা সমগ্র’।

আবুল হাসান ১৯৭৫ সালে বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৮২ সালে একুশে পদক অর্জন করেন। আধুনিক এই কবি ১৯৭৫ সালের ২৬ নভেম্বর মারা যান।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন