ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির একাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘনের দায়ে স্থগিত করা হয়েছে। সংবাদমাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছে। স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে তাসনিমের ফার্সি, আরবি, ইংরেজি এবং ব্রেকিং নিউজ পরিবেশনকারী প্রধান অ্যাকাউন্টগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক ও কূটনৈতিক সংঘাতের প্রতিটি আপডেট বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাসনিম নিউজের ভূমিকা ছিল বেশ জোরালো। তবে এই অ্যাকাউন্টগুলো স্থগিত হওয়ার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পক্ষের দৃষ্টিভঙ্গি এবং ব্রেকিং নিউজ প্রচারের প্রধান একটি ডিজিটাল মাধ্যম সাময়িকভাবে বাধাগ্রস্ত হলো।
বিশ্লেষকদের মতে, চলমান ইরান-মার্কিন উত্তেজনার প্রেক্ষাপটে তাসনিমের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার পেছনে সামাজিক মাধ্যম কর্তৃপক্ষের কঠোর নীতি কাজ করেছে।
সংঘাতের এই সময়ে ভুল তথ্য প্রচার বা সহিংসতার উসকানি রোধে প্ল্যাটফর্মগুলো তাদের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করছে।
ডিবিসি/এসডব্লিউএন