যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর আগেই ইরানকে গোয়েন্দা তথ্য ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে রাশিয়া। বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হিলির মতে, বর্তমানে মস্কো ও তেহরানের মধ্যে একটি ‘আগ্রাসনের অক্ষ’ বা ‘অ্যাক্সিস অব অ্যাগ্রেসন’ গড়ে উঠেছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
ব্রিটিশ এ মন্ত্রী মনে করেন, মধ্যপ্রাচ্যের এ উত্তেজনার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অদৃশ্য হাত’ সক্রিয় রয়েছে। ইউক্রেনসহ বিশ্বের অন্যান্য স্থানে পুতিন যা করছেন, সেখান থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি সরিয়ে নিতেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে হিলি দৃঢ়তার সঙ্গে জানান, মিত্ররা পুতিনের এ উদ্দেশ্য কোনোভাবেই সফল হতে দেবে না। চলমান যুদ্ধে যুক্তরাজ্যের অবস্থান তিনি বলেন, ব্রিটেন মূলত নিজেদের স্বার্থ, সামরিক স্থাপনা এবং মিত্রদের সুরক্ষার জন্যই কাজ করে যাচ্ছে। আর এ লক্ষ্যেই ব্রিটিশ বিমান বাহিনী ওই অঞ্চলের আকাশে ইতিমধ্যে এক হাজার ঘণ্টারও বেশি সময় ধরে টহল দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই পাল্টা জবাব দিচ্ছে তেহরান। দুপক্ষের এ সংঘাত ইতিমধ্যে টানা ২৭তম দিনে গড়িয়েছে। ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের অব্যাহত হামলায় গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন চরম অগ্নিগর্ভ।
এ সংঘাতের রেশ ধরে তেহরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় সারাবিশ্বের জ্বালানির বাজারে চরম অস্থিরতা ও সংকট দেখা দিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
ডিবিসি/এএমটি