সংবিধানে `সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন করা হবে বলে জানালেন তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার মাধ্যম হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে দেশে-বিদেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করা হবে।
ভাষণে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা। ক্ষমতায় গেলে দলের প্রথম ও প্রধান অগ্রাধিকার হবে বেকার সমস্যার সমাধান। ব্যাংক, বিমা ও পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে দেশে ও বিদেশে মোট এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএনপি।
এছাড়া শিক্ষিত বেকারদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়ে তিনি বলেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত শিক্ষিত বেকারদের সর্বোচ্চ এক বছর মেয়াদি ‘বেকার ভাতা’ প্রদান করা হবে।
বাংলাদেশের ২০ কোটি মানুষের বিশাল জনগোষ্ঠীর অর্ধেকই নারী ও তরুণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তরুণদের জনসম্পদে রূপান্তর করতে বিএনপি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, ডাটা প্রসেসিং ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সেক্টরে নতুন শিল্প গড়ে তোলা, স্কুল পর্যায় থেকে ড্রপআউট রোধে পাঠ্যক্রমে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা অন্তর্ভুক্ত করা।
দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে তারেক রহমান বলেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে যথাসময়ে নতুন পে-স্কেল ঘোষণা করা হবে।
তিনি বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমেই জনগণ দেশের প্রকৃত মালিকানা ফিরে পাবে এবং একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্র গঠিত হবে।
ডিবিসি/ এসএফএল