বাংলাদেশ, জাতীয়

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার সংবিধানের বিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করছে এবং ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী সব কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আলাদাভাবে শপথ নেওয়ার যে দাবি তোলা হয়েছে, তাকে ‘গায়ের জোরে বলা কথা’ হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমরা এখানে সংবিধান মেনেই এসেছি, এখনো সংবিধান মানছি এবং সংবিধান মেনেই সামনের দিকে এগিয়ে যাবো। জবরদস্তিমূলক কোনো কিছুই সরকার মেনে নেবে না।”


জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি এই সনদকে অস্বীকার করে না। তবে এর বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার ওপর। তিনি বলেন, “জুলাই সনদ ততটুকুই বাস্তবায়ন করা হবে, যতটুকু রাজনৈতিক ঐকমত্য বা সমঝোতা রয়েছে। কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।”


রাষ্ট্রীয় সংস্কার ও আইনি প্রক্রিয়া নিয়ে মন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংসদ অধিবেশনে। এছাড়া আসন্ন সংসদের প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।


আইনজীবী ফোরামের এই সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন