বাংলাদেশ, রাজনীতি

রাজধানীতে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য। বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে জোটের এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

বর্তমান সরকারের বিরুদ্ধে বিগত শেখ হাসিনা সরকারের মতোই ফ্যাসিবাদী আচরণের অভিযোগ তুলে হামিদুর রহমান আজাদ বলেন, সরকার সংবিধান সংশোধনের নামে মূলত আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে। জনগণের রায়ের যথাযথ মূল্যায়ন এবং জনস্বার্থ রক্ষায় সংবিধান কেবল সংশোধন নয়, বরং এর পূর্ণাঙ্গ সংস্কার দাবি করেন তিনি। দাবি আদায়ে রাজপথের আন্দোলন ছাড়া জোটের সামনে আর কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন এ নেতা।

 

সংবাদ সম্মেলনে সরকারি দলের সংসদ পরিচালনায় চরম ব্যর্থতার সমালোচনা করা হয়। বিশেষ করে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন এবং দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সরকারের অক্ষমতার তীব্র নিন্দা জানান ঐক্যের এই সমন্বয়ক। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল জোটের পরবর্তী বৈঠক থেকে কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন