জাতীয়

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় সংবিধান সংশোধনের লক্ষ্যে সকল দলের সমন্বয়ে একটি ‘বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান জানিয়ে ২৪-এর জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের নির্যাস সংবিধানে ধারণ করার অঙ্গীকার করা হয়েছে, যা চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, ৭১-এর স্বাধীনতার সাথে অন্য কিছুর তুলনা চলে না।

 

সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক ‘লেজিসলেটিভ ফ্রড’ বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে এবং বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে চাপিয়ে দেওয়া ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা বিলুপ্ত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ২৭শে মার্চ কালুরঘাট থেকে ‘প্রোভিশনাল হেড অফ স্টেট’ হিসেবে ঘোষণা দেন; এই প্রকৃত ইতিহাসই সংবিধানে ফিরিয়ে আনতে চায় সরকার।

 

সংবিধানের মূলনীতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্তর্ভুক্ত করা ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি সংবিধানে পুনর্বহাল করা হবে, যা পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকার নির্মূল করেছিল। জুলাই সনদে এটি থাকার কথা থাকলেও কোনো কোনো দলের আপত্তির কারণে রাখা হয়নি, তবে সরকার এটি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

 

তিনি আরও জানান, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় সংসদের মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পরিশেষে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান কীভাবে সংশোধিত হবে তা বাইরে থেকে আমদানি করা কোনো প্রেসক্রিপশনে নয়, বরং সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা মিলে বিশেষ সংসদীয় কমিটিতে আলোচনার মাধ্যমে এই সংসদেই নির্ধারিত হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন