সংরক্ষিত নারী আসনের তফসিল ৯০ দিনের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, সংরক্ষিত নারী আসনের তফসিল শিগগিরই দেবো, ৯০ দিনের মধ্যেই দেবো। সময় তো আছে আর ভোটাভুটি তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কারণ, রাজনৈতিক দলগুলো যাকে নমিনেশন দেবে, সেটাই মূলত এক্ষেত্রে ভোটাভুটি। আমরা একটা ফরমালিটি করবো।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি বলেছেন, আগামী ১৪ এপ্রিলের অর্থাৎ পহেলা বৈশাখ আগেই বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে। ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই যাতে নির্বাচন হয়, সে ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, উপ-নির্বাচন যেগুলো বাকি রয়েছে, আমরা আশা করছি যে সেগুলো পহেলা বৈশাখের আগেই করার। কারণ পহেলা বৈশাখে সাধারণত ঝড় বৃষ্টি হয়ে থাকে। এর আগেই করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আশা করি যে আমরা এটা করতে পারব।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ভোট তো ইতোমধ্যেই শুরুই হয়ে গেছে। কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল, তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন, আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তবে আনুষ্ঠানিক ভাবে শপথের থেকে ৯০ দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশাআল্লাহ করব।
ডিবিসি/কেএলডি