ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবের দেওয়া তথ্যমতে, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এরপর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল সেই আপিল নিষ্পত্তি করা হবে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিলের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রার্থীদের আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
এর আগে, গত সোমবার ইসি সচিব ভোটের তারিখ জানানোর পাশাপাশি সংরক্ষিত আসনের বণ্টনের বিষয়টিও উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আনুপাতিক হারে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে।
ডিবিসি/আরএসএল