ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। তবে ফরম জমা দেওয়ার সময় প্রার্থীকে জামানত হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে।
মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে রুহুল কবির রিজভী বিগত দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। সংসদে সরকারি ও বিরোধী দলের প্রাণবন্ত বিতর্কই গণতন্ত্রের মূল শক্তি, যা আমাদের অব্যাহত রাখতে হবে।”
বিগত সরকারের আমলের দমন-পীড়নের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “গত ১৬-১৭ বছরে আমাদের নারী নেত্রীরা নিদারুণ কষ্ট ও জেল-জুলুম সহ্য করেছেন। শেখ হাসিনার দুঃশাসনের ছোবল থেকে কেউ নিস্তার পাননি। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে যারা আন্দোলন সুসংহত করেছেন, তাদের এই ত্যাগের মূল্যায়ন নিশ্চিত করা হবে।”
এ সময় বিএনপি নেতা সুলতানা আহমেদসহ অন্যান্য নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী: মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। বর্তমান সংসদের আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রয়েছে।
ডিবিসি/এসএফএল