জাতীয়

সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৬ই এপ্রিল ২০২৬ ০৫:৪৪:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বণ্টন চূড়ান্ত করেছে। আগামী ৮ এপ্রিল এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। আজ সোমবার (৬ এপ্রিল) ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিবের দেওয়া তথ্যমতে, আনুপাতিক হারে জোটগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ৩৬টি আসন পাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া ছয়জন স্বতন্ত্র প্রার্থী মিলে একটি জোট গঠন করায় তাদের ভাগে পড়েছে একটি সংরক্ষিত নারী আসন।

 

বিদ্যমান আইন অনুযায়ী, কোনো দল বা জোটের সংসদে প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করার মাধ্যমে এই আসনগুলো বণ্টন করা হয়েছে। ইসির তথ্য অনুযায়ী, বিএনপির নেতৃত্বাধীন ৩৬ আসনের জোটে রয়েছে জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, নূরুল হক নূরের গণঅধিকার পরিষদ এবং আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। অপরদিকে, জামায়াতের ১৩ আসনের জোটে রয়েছে এনসিপি ও খেলাফত আন্দোলন।

 

সচিব আরও জানান, বিএনপি নেত্রী রুমিন ফারহানা জোটের হয়ে সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

উল্লেখ্য, বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে বর্তমানে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। তারেক রহমান আসন ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও ৪ আসনের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন