রাজধানী

সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার ‎

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে মোসা. রনজিনা পারভীন নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

জানা গেছে, চোখের চিকিৎসার জন্য শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তিনি একটি রিকশাযোগে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছাকাছি পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা হঠাৎ তাঁর হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়।

 

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রনজিনা পারভীন রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং তাঁর মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এতটাই শোকাহত যে তাঁরা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

 

এ ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করতে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন