জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রায় দেড় থেকে দুইশ মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদে দেওয়া হাসনাত আবদুল্লাহর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিতর্কিত ওই বক্তব্যের জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সমাবেশ থেকে বিক্ষোভকারীরা শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি অনুষ্ঠিত হতে না দেওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, শনিবার বিকেল ৪টায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে এনসিপির একটি সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গক্রমে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উত্থাপন করেন। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারায় তিনি সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছিলেন। মূলত তাঁর সেই বক্তব্যের জের ধরেই মধ্যরাতে এই বিক্ষোভের সূত্রপাত হয়।
ডিবিসি/পিআরএএন