জাতীয়

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংসদ ভবন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সোমবার জাতীয় সংসদে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

চিফ হুইপ বলেন, ওই এলাকায় চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। যেখানে প্রতিদিন প্রায় ১ কোটি লিটার পানির প্রয়োজন, সেখানে উৎপাদিত হচ্ছে মাত্র ২৭ লাখ লিটার। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে ঘোলা পানি সরবরাহের কারণে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। এই সমস্যা দ্রুত সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

বৈঠকে সংসদ সদস্যদের আবাসিক ও দাপ্তরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনের সংস্কার কাজের অগ্রগতি এবং শেরেবাংলা নগরে এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের প্রস্তুতির বিষয়ে সভায় পর্যালোচনা করা হয়। এছাড়া সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আবাসিক এলাকার নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিফ হুইপের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন