ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
রংপুরে জাতীয় পার্টির প্রার্থীসহ চারটি আসনে মোট সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রংপুর-১ আসনে দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া নরসিংদী-২ ও ৪ আসনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে। মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নাটোরে জেলা রিটার্নিং কর্মকর্তা পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ও সাতজনেরটি স্থগিত রেখেছেন। রাঙামাটিতে যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও স্বাক্ষর কম থাকায় এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হয়েছে। সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে, যা ১০ থেকে ১৮ই জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি।
ডিবিসি/এএমটি