আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, এই জামাতে জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছর নারী মুসল্লিদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যেন সবাই সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারেন, সেজন্য সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে মুসল্লিদের জন্য সংসদ সচিবালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সকল মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার কড়াকড়ির কারণে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ধরনের ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে বলা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
ডিবিসি/এফএইচআর