জাতীয়

সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

F.M.Pranto

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা, ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি আরও সহজ এবং স্বচ্ছ করার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

 

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কৃষক কার্ড বিতরণের উদ্যোগ দেশের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষিখাতে আধুনিকায়নের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। আগামী বাংলা নববর্ষের দিন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দেশের কৃষকদের জন্য নতুন এই সুবিধার সূচনা হতে যাচ্ছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন