আন্তর্জাতিক, এশিয়া

সংসদ সদস্যদের পেনশন বাতিল করল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রচেষ্টায় এবার সাবেক সংসদ সদস্য ও প্রয়াত এমপিদের স্ত্রীদের জন্য নির্ধারিত পেনশন সুবিধা বাতিল করেছে শ্রীলঙ্কা সরকার।

দেশটির পার্লামেন্টে বিচারবিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর ফলে এখন থেকে কোনো সাবেক সংসদ সদস্য বা তাদের পরিবার আর বিশেষ এই সরকারি আর্থিক সুবিধা পাবেন না।

 

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২২৫ আসনের লঙ্কান পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। ভোটাভুটিতে ১৫৪ জন সদস্য বিলটির পক্ষে রায় দিলে তা পাস হয়। এ বিষয়ে মন্ত্রী হরসানা নানায়াক্কারা বলেন, পার্লামেন্টে সংসদ সদস্যদের কার্যক্রম ও বিতর্ক দেখে সাধারণ মানুষের ধারণা হয়েছে যে, তারা এই পেনশন পাওয়ার যোগ্য নন। জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই এই আইন সংশোধন করা হয়েছে।

 

২০২১ সালে করোনাভাইরাস মহামারি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়ে শ্রীলঙ্কার অর্থনীতি কার্যত ভেঙে পড়ে। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারি ব্যয় সংকোচনে কঠোর অবস্থান নেন। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে এমপিদের জন্য বরাদ্দকৃত বিলাসবহুল আবাসন, অতিরিক্ত যানবাহন ও দেহরক্ষীর সুবিধা বাতিল করার পর এবার সর্বশেষ ধাক্কা হিসেবে পেনশন সুবিধাও কেড়ে নেওয়া হলো।

 

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পার্লামেন্টে তিনি যুক্তি দেখান, পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এটি বাতিল করা হলে সাবেক জনপ্রতিনিধিরা আর্থিক সংকটে পড়ে দ্বিধাহীনভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিরোধীদের এমন আপত্তি সত্ত্বেও দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনমতকে প্রধান্য দিয়েই সরকার এই কঠোর বিলটি কার্যকর করার পথে হাঁটল।

 

তথ্যসূত্র: এপি নিউজ

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন