বাংলাদেশ, জাতীয়

সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে বাংলাদেশ সেনাবাহিনীর ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আয়োজিত অফিসার ও সৈনিকদের এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সৈনিকসহ দেশের সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেসময় দেশে কী হয়েছে তা সবারই কমবেশি জানা আছে, তবে এখন দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। দেশ গঠনে সবার দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে কর্তব্য পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব হবে।

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অফিসার, সৈনিক এবং তাদের সন্তানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দেশবাসীর নিরাপত্তা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে এবং অর্পিত দায়িত্ব পালনে আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। পরে তিনি ‘পঁচিশ মৃত্যুঞ্জয়ী’ ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে কাটানো তার শৈশবের স্মৃতি রোমন্থন করেন। সিএমএইচ, তৎকালীন স্টাফ সার্জন মেজর আনোয়ারের কথা স্মরণ করার পাশাপাশি শহীদ মইনুল সড়কের বাসা থেকে বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে ঘোরার স্মৃতিচারণ করেন তিনি। শৈশবের স্মৃতিজড়িত এই স্থানে এসে নিজের আবেগঘন অনুভূতির কথা উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী।

 

পরিশেষে তিনি বলেন, দেশের প্রয়োজনে সৈনিকদের জীবন ও আত্মত্যাগের মূল্যায়ন করার প্রথম শর্ত হলো দেশ সম্পর্কে ভাবা। সমাজের সর্বস্তরের মানুষের নিরাপদ বসবাস, সন্তানদের পড়ালেখা এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন