জাতীয়

সকল রেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য ২৫ শতাংশ ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৩ মার্চ, ২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানান। মন্ত্রী উল্লেখ করেন যে, এই ছাড় কার্যকর করতে কিছুটা সময় লাগবে। অনলাইন টিকিটিং সিস্টেমে বিশেষ অপশন যুক্ত করা হবে, যেখানে পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। তবে বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাবেন কি না, সে বিষয়ে বর্তমানে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

রেলওয়ের সেবার মান উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিদ্যমান প্রকল্পগুলোর গতি বাড়িয়ে যাতায়াতের সময় কমিয়ে আনার চেষ্টা চলছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা শিডিউল বিপর্যয় রোধে সহায়তা করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এর ফলে অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো এবং সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

 

ঈদযাত্রা সম্পর্কে শেখ রবিউল আলম বলেন, প্রতি বছর ঈদের সময় মাত্র দুই দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ে, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। এই বিশাল চাপ সামলাতে বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক করা হয়েছে। মালিকরা অতিরিক্ত ভাড়া না নেওয়ার অঙ্গীকার করেছেন এবং সরকার কঠোর নজরদারির মাধ্যমে এটি নিশ্চিত করবে। বাস মালিকদের পক্ষ থেকে ঈদ মৌসুমে সেতুর টোল মওকুফের একটি দাবি জানানো হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

 

এছাড়া ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক করতে সরকারি ছুটি একদিন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, এটি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত না হলেও পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতে তা বিবেচনা করা হতে পারে। সামগ্রিকভাবে একটি আরামদায়ক ও যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন