কর্মকর্তা-কর্মচারীদের দপ্তরে উপস্থিতির ক্ষেত্রে এবার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক নতুন অফিস আদেশে স্পষ্ট জানানো হয়েছে, 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯' অনুসারে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা, নির্দিষ্ট সময়ের আগে অফিস ত্যাগ করা এবং দেরিতে উপস্থিত হওয়াকে এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে আবশ্যিকভাবে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। সেই সঙ্গে অফিস ছুটি হওয়ার আগে কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। আদেশে আরও নির্দিষ্ট করে বলা হয়েছে যে, আসন্ন পবিত্র রমজান মাসে বিকেল সাড়ে ৩টার আগে এবং রমজান মাস শেষ হলে বিকেল ৫টার আগে বিনা কারণে অফিস থেকে বের হওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
দাপ্তরিক কোনো কাজে বা জরুরি প্রয়োজনে যদি কাউকে অফিস সময়ের মধ্যে বাইরে যেতে হয়, তবে তাকে অবশ্যই সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব বা সলিসিটর)-এর কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। এর পাশাপাশি বাইরে যাওয়ার সময় নির্ধারিত রেজিস্ট্রারে তথ্য লিপিবদ্ধ করা এবং ডিজিটাল হাজিরা ব্যবহার করা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনার কোনো ধরনের ব্যত্যয় বা লঙ্ঘন ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে 'সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা' এবং 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮'-এর আওতায় কঠোর শৃঙ্খলামূলক বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
ডিবিসি/এফএইচআর