বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ ও জাতি আবারও বড় বিপদের মুখে পড়বে। এ সময়ে তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পেছনে ফেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে আমি কখনো আদালতের বারান্দায় যাইনি। কিন্তু সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার কারণে আমাকে বারবার হয়রানির শিকার হতে হয়েছে।
তিনি জনগণের উদ্দেশে বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভালো মানুষ ও ভালো দলকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/কেএলডি