বিবিধ

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ: স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৫৬ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিজেসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের হাতে স্বাস্থ্য বীমার মোট ৬ লাখ ২০ হাজার ৪৬৪ টাকার চেক তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ফাহিম আহমেদ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রেজারার মানস ঘোষ উপস্থিত ছিলেন। বিজেসির নিয়ম অনুযায়ী, কোনো সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে এই স্বাস্থ্য বীমা সুবিধার জন্য আবেদন করতে পারেন। সংগঠনের ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদারের নেতৃত্বাধীন ‘কল্যাণ ও সুরক্ষা কমিটি’ যথাযথ যাচাই-বাছাই শেষে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। এই কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী শামসুল হুদা, শহীদ আহমেদ এবং যুগ্ম-নির্বাহী মনিরা ফেরদৌসী ও সালাম ফারুক।

 

কোনো বীমা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে বিজেসি এই মানবিক সেবা প্রদান করে আসছে। একজন সদস্য একবারে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এই বীমা সুবিধা পেয়ে থাকেন। গত ৭ বছরে এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩৩২ জন সদস্যকে মোট ৯২ লাখ ৩১ হাজার ৮৪২ টাকা প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সদস্যরাই বিজেসির প্রাণ। বর্তমান সময়ে চিকিৎসা খরচ যেভাবে বাড়ছে, তাতে এই স্বাস্থ্য বীমা সুবিধাভোগীদের বড় ধরনের মানসিক ও আর্থিক স্বস্তি দেবে। সংগঠনের সদস্য সচিব ইলিয়াস হোসেন তার বক্তব্যে জানান, বিজেসি ১০ কোটি টাকার একটি বিশাল কল্যাণ তহবিল গঠনের স্বপ্ন দেখছে, যার লভ্যাংশ দিয়ে ভবিষ্যতে সদস্যদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানদেরও এই সুবিধার আওতায় আনা সম্ভব হবে। এছাড়া বিজেসির কল্যাণ ও সুরক্ষা কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি হারুন অর রশীদ তালুকদার যাচাই-বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়টি উল্লেখ করে বলেন, সঠিক ব্যক্তি যেন সুবিধা পান তা নিশ্চিত করতে প্রতিটি আবেদন গুরুত্বের সাথে যাচাই করা হয়।

 

বীমার চেক গ্রহণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুবিধাভোগী সদস্যরা জানান, বর্তমান সময়ে চিকিৎসার খরচ মেটাতে এই বীমা সহায়তা তাদের জন্য বিশেষ উপকার বয়ে এনেছে। সংগঠন যে সদস্যদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সুরক্ষাকেও সমান গুরুত্ব দেয়, এই আয়োজন তারই প্রমাণ বলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে বিজেসির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন