আন্তর্জাতিক, ভারত

সনাতন ধর্মকে ‘নোংরা’ বলার অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সনাতন ধর্মকে ‘নোংরা’ বা ‘গান্দা ধর্ম’ বলে আখ্যা দিয়ে অপমান এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

এনডিটিভি জানিয়েছে, গত বছর কলকাতায় এক ঈদ অনুষ্ঠানে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর ওই মন্তব্য করার অভিযোগে মঙ্গলবার (২৬ মে) শিলিগুড়ি সাইবার থানায় এই মামলা দায়ের করেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং। অভিযোগে তিনি দাবি করেন, তৃণমূল নেত্রীর ওই মন্তব্য লাখো সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসে গভীর আঘাত করেছে এবং সাম্প্রদায়িক বিভেদ উসকে দিয়েছে।

 

মামলার এজাহারে চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি উসকানিমূলক মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রচারণায় মমতা বলেছিলেন, কোনও একটি সম্প্রদায় হিন্দুদের ওপর হামলা করলে ‘তাদের ১২টা বেজে যাবে’। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়ের মতে, এসব মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করা এবং সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা।

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলাটি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, ফৌজদারি ভীতি প্রদর্শনের অভিযোগে ৩৫১(১) ধারা, শান্তি-শৃঙ্খলা নষ্টে উসকানি দেয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগে ৩৫২ ধারা এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তথ্য প্রচারের অভিযোগে ৩৫৩(২) ধারা।

 

এর আগে গত মার্চ মাসে পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ঈদুল ফিতর উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়কে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় অস্পষ্ট উর্দু মিশ্রিত ভাষা ব্যবহার করে অন্য একটি ধর্মকে ছোট করেছেন। তিনি প্রশ্ন তোলেন, ‘আপনি কোন ধর্মকে গান্দা ধর্ম বলছিলেন? সনাতন হিন্দু ধর্মকে?’

 

ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ‘ঈদ’ শব্দের চেয়ে ‘দাঙ্গা’ শব্দ বেশি ব্যবহার করেছিলেন দাবি করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আপনি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন আপনিই। খুব দ্রুতই এর ফল ভোগ করতে হবে।’

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন