সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত

সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে দোকান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ জরুরি উল্লেখ করে তিনি জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

 

বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানালেও, পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার জন্য তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

 

উল্লেখ্য, এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে অফিস এবং বাজার বন্ধের সময় নির্ধারণ করে দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হবে বলেও জানানো হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন