নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব পুনরায় নবগঠিত সরকারের হাতে এসেছে।
প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
ডিবিসি/পিআরএএন