সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা জানান। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধানমন্ত্রী সরকারি ব্যয়ের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, সরকার বর্তমানে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাতগুলোতে অর্থ বরাদ্দ ও ব্যয় নিশ্চিত করা হবে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যে দায়িত্ব তা নিষ্ঠার সঙ্গে পালন করলেই দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাশাপাশি, অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে মঞ্চে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ডিবিসি/পিআরএএন