বাংলাদেশের কূটনীতি পরিচালিত হবে 'সবার আগে বাংলাদেশ' এই নীতিকে সামনে রেখে এবং যেকোনো পরিস্থিতিতে দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই অবস্থান পরিষ্কার করেন। নিজের নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার জবাবে তিনি সরাসরি জানান, কারো যদি মনে হয় এটি 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং', তবে তারা যেন পুনরায় ভোট গণনা করে দেখে।
বুধবার দিনভর ব্যস্ত সময় পার করলেও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজ মন্ত্রণালয়ে যাননি। সন্ধ্যায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের মুখোমুখি হন। নতুন সরকারের কূটনীতির ধরন সম্পর্কে প্রশ্নের জবাবে খলিলুর রহমান স্পষ্ট করেন যে, জনগণের স্বার্থই হবে সবকিছুর ঊর্ধ্বে। গত দেড় বছর ধরে ভারতের সাথে বিদ্যমান সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে তিনি জানান, নতুন সরকার ভারতের পাশাপাশি সব দেশের সাথেই সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
একসময় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা বিএনপি সরকারেই বর্তমানে তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন-এমন সমালোচনার মুখে তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন এবং তিনি আশ্বস্ত করেন যে, বাংলাদেশের জন্য কল্যাণকর হবে এমন নীতিই গ্রহণ করা হবে।
ডিবিসি/ এসএফএল