জাতীয়

সবার ঘরে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাওয়ার প্রত্যাশা রাষ্ট্রপতির

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক এবং সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। এ সময় তিনি মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সব মানুষের সুখ, শান্তি, কল্যাণ এবং উত্তরোত্তর উন্নতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

নতুন বাংলাদেশ বিনির্মাণে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। বাণীতে তিনি উল্লেখ করেন, শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শুভসূচনা ঘটেছে, তার ওপর ভিত্তি করে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

 

ঈদুল ফিতরকে মুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব হিসেবে আখ্যায়িত করে মো. সাহাবুদ্দিন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের সুসংবাদ নিয়ে আসে এই ঈদ। এর মাধ্যমে মুমিন মুসলমানরা সব অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের প্রয়াস পান এবং ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

 

বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের বিরূপ প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন যে, সরকার বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন