বিশ্বের সব দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক অনন্য এবং একটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক অন্য কোনো দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ আদায় করাই আমাদের মূল লক্ষ্য। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের বিষয়টি ঢাকা ও তেহরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিরোধী দলের কারও ইরানে যাওয়ার বিষয়টি তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি। গত ১৭ বছরে যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গেও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১০টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের জন্য একটি বড় অগ্রগতি। অর্থ ফেরানোর নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা চলমান রয়েছে এবং এটি রাতারাতি সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি শক্তিশালী অংশীদার। এই সফরের মধ্য দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয়েছে এবং দেশে চীনা বিনিয়োগ বাড়ার আশা করা হচ্ছে। এছাড়া চীনের প্রস্তাবিত 'টু প্লাস টু' বৈঠক ও করিডোরের প্রস্তাবটি বাংলাদেশ পর্যালোচনা করছে এবং দেশের স্বার্থ সংরক্ষিত হলে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
ডিবিসি/পিআরএএন