জাতীয়
সব বন্দর ও এয়ারপোর্ট ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ও এয়ারপোর্ট ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কিংবা ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানির বাণিজ্যিক কার্যক্রম চব্বিশ ঘণ্টা চালু রাখার প্রস্তাব করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে বলেছেন যে, সরকারের সব দপ্তর মিলে সামনের দিনগুলোতে দেশের প্রতিটি বন্দর থেকে যেন ২৪ ঘণ্টা সেবা প্রদান নিশ্চিত করা হয়। এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও ত্বরান্বিত হবে।
শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এই দীর্ঘ বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা এবং বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন), বেজা এবং বেপজায় কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং জটিলতা দূর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মাহদী আমিন।
বেসরকারি খাতের বিকাশে সরকারের নীতিগত সহায়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এমন একটি রাষ্ট্রব্যবস্থার ওপর জোর দিচ্ছেন যেখানে বেসরকারি খাতের জন্য সরকারের পক্ষ থেকে শক্তিশালী পলিসি সাপোর্ট থাকবে। তরুণ ও নারীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের কাজ চলছে। 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'- এই স্লোগানকে ধারণ করে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আজকের এই আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
ডিবিসি/আরএসএল