সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ‘যারা এ জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের সুরক্ষায় রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ২০ হাজার চা-শ্রমিককে এসব রেইনকোট প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, এই ২০ হাজার রেইনকোট সরবরাহের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট প্রদান করছে।
অনুষ্ঠানে চা-শ্রমিকদের পক্ষে শান্তি উড়িয়া, মুন্নী কুর্মি, জ্যোৎস্না আক্তার, রিনা তাঁতী, শশিকা ব্যানার্জি, কবিতা কর্মকার, সুজাতা বিশ্বাস, রিতা রাণী বাউরী ও আফখাতুন নাহার উপস্থিত থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বেসরকারি খাতের প্রতিনিধিরা জানান, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা সিএসআর-এর অংশ। সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।